News71.com
 Bangladesh
 27 Jul 22, 01:12 PM
 745           
 0
 27 Jul 22, 01:12 PM

দেশে এই প্রথম পুরুষদের ছাড়িয়ে গেল নারীরা।।

দেশে এই প্রথম পুরুষদের ছাড়িয়ে গেল নারীরা।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আদমশুমারির ইতিহাসে প্রথমবারের মতো সংখ্যায় পুরুষদের ছাড়িয়েছে নারীরা। জনশুমারি ও গৃহগণনার-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে বর্তমানে প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা প্রায় ৯৯ জন। বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এ অনুষ্ঠানে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন বিবিএসের প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

 প্রতিবেদন অনুসারে, প্রবাসীদের বাদ দিয়ে দেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬। পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। সেই হিসাবে ২০১১ সালের আদমশুমারির পর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় দুই কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন। ২০২১ সালে আদমশুমারি পরিচালিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে সেটা পিছিয়ে যায়। জাতিসংঘের বিশ্ব জনসংখ্যার পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে বিশ্বে নারী-পুরুষের অনুপাত হওয়ার কথা ১০০: ১০১.৬৮। গত আদমশুমারিতে বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত ছিল ১০০.৩ এবং এর আগে ২০০১ সালের আদমশুমারিতে এ অনুপাত ছিল ১০৬.৪।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন