
নিউজ ডেস্কঃ পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫তম ওয়ার্কশপে যোগ দিতে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (২৮ জুলাই) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ জানান, সকাল ১০টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
তারিক মাহমুদ জানান, সফর শেষে স্পিকারের আগামী ১৮ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। সংসদ সচিবালয়ের এ কর্মকর্তা জানান, সফরকালে স্পিকার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এছাড়া সিপিএর বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সঙ্গে বৈঠক, যুক্তরাজ্যের এমপি ও লর্ডদের সঙ্গে বৈঠক, রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে বৈঠক ইত্যাদি অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণের কথা রয়েছে।