
নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক দায়িত্ব আমাদের ওপর চাপিয়ে দেবেন না। আপনাদের রাজনৈতিক দায়িত্ব আপনাদেরই পালন করতে হবে। এতে আমাদের সমর্থন থাকবে। বৃহস্পতিবার (২৮ জুলাই) নির্বাচন ভবনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এর সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, অসম্ভব সুন্দর একটি প্রস্তাব সংখ্যানুপাতিক আসন সংখ্যা বন্টন। আপনারা এসব নিয়ে কথা বলছেন না কেন। আপনারা সব কিছু কমিশনের ব্যক্তিদের ওপর চাপিয়ে দিচ্ছেন। সিস্টেম যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে আমাদের কাজই করা লাগবে না।
আপনারা ওই গবেষণাটা করেন, আমাদের যে চলমান পদ্ধতি, পদ্ধতিটাতে যদি কোনো পরিবর্তন আনতে পারেন। যেটা আপনারা বলছেন, আরও দু’তিনটা দল থেকে এটা আসছে। তিনি বলেন, এতে আমি খুব আকৃষ্ট হয়েছি। তাহলে আমার যে সুবিধাটা হবে, আমার না, আমার পরের প্রজন্মে যে নির্বাচন কমিশন আসবে, তাদের এতোটা পরিশ্রম করতে হবে না। যদি প্রপরশনাল রিপ্রেজেন্টেশন হয়, সংকুচিত হয়ে যাবে-একটি হলো পেশিশক্তি, আরেকটি হলো অর্থশক্তি। আপনারা আপনাদের মঞ্চে কথা বলেন না কেন?