
নিউজ ডেস্কঃ দেশের বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে উদ্ভিদ প্রজাতির জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. ।বৃহস্পতিবার (২৮ জুলাই) মিরপুরের বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামে বরিশাল এবং সিলেট বিভাগের উদ্ভিদ প্রজাতির জরিপ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, দেশের সব বাস্তুতন্ত্রের উদ্ভিদ প্রজাতির সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনার জন্য দেশের উদ্ভিদ প্রজাতির সঠিক পরিসংখ্যান জানা প্রয়োজন এবং কেবল মাত্র একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জরিপের মাধ্যমেই দেশের উদ্ভিদ সম্পদের হালনাগাদ পরিসংখ্যান, অবস্থান এবং সংরক্ষণ অবস্থা সম্পর্কে জানা সম্ভব।
তিনি বলেন, উদ্ভিদ বৈচিত্র্য বিবেচনায় বরিশাল একটি সদা পরিবর্তনশীল এবং ক্রমক্ষয়িষ্ণু বিভাগ। এ বিভাগের উদ্ভিদ প্রজাতির সংখ্যা এক হাজারের অধিক বলে ধারণা করা হয়। অপরদিকে সিলেট বিভাগে উদ্ভিদ বৈচিত্র্যের প্রাচুর্য সৃষ্টির পক্ষে অনুকূল পরিবেশ রয়েছে। সিলেট বিভাগের উদ্ভিদ প্রজাতির সংখ্যা এক হাজার ৫০০ এর অধিক বলে জানা যায়। তবে সিলেট বিভাগের উদ্ভিদ বৈচিত্র্যের কোনো পুর্ণাঙ্গ জরিপ এখনো সম্পন্ন করা হয়নি। তাই এ প্রকল্পে বরিশাল এবং সিলেট বিভাগের উদ্ভিদ সম্পদের প্রকৃত অবস্থা নিরুপণ, বৈচিত্র্য নথিবদ্ধকরণ, সংরক্ষণ ও সুষম ব্যবহারের জন্য মাঠপর্যায়ে বিজ্ঞান সম্মত জরিপের মাধ্যমে প্রায় ৭০ হাজার উদ্ভিদের নমুনা সংগ্রহ করে তথ্য সম্বলিত দুটি পুস্তক প্রণয়ন করা হবে এবং সব তথ্য ই-ডাটাবেজ প্রস্তুত করে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।