
নিউজ ডেস্কঃ এবার বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ সংস্থাটি বরিশাল-ঢাকা রুটে আগামী ৫ আগস্ট থেকে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরিশাল জেলা ব্যবস্থাপক মো. আবু আহম্মেদ। শনিবার (৩০ জুলাই) বিকেলে তিনি বলেন, বর্তমানে সপ্তাহে প্রতিদিন বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট রয়েছে।
তবে যাত্রী সংকটের পাশাপাশি ক্রু সংকটের কারণে আগামী ৫ আগস্ট থেকে সপ্তাহে তিন দিন যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। বর্তমানে যাত্রী প্রতি তিন হাজার টাকা ভাড়া নির্ধারিত রয়েছে জানিয়ে আবু আহম্মেদ বলেন, গত ২৮ জুলাই কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো এক সিদ্ধান্তে বলা হয়েছে, আগামী ৫ আগস্ট থেকে বিমান সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও রোববার ফ্লাইট পরিচালনা করবে। তবে ভাড়ার বিষয়ে নতুন করে কিছু বলা হয়নি।