
নিউজ ডেস্কঃ জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ব্যানার ও পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে ব্যানারের নমুনা তৈরি করে সব দফতর ও সংস্থায় পাঠানো হবে। দফতর ও সংস্থা তা অনুসরণ করবে। শনিবার (৩০ জুলাই) এ সংক্রান্ত এক আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের সব দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দফতর, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। মন্ত্রণালয়ের দুই বিভাগ ও আওতাধীন অধিদফতর, সংস্থা, দফতরগুলোর পক্ষে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ সময় দুই বিভাগের যুগ্ম সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা, দফতর ও সংস্থাপ্রধানসহ অনধিক পাঁচজন উপস্থিত থাকবেন।