
নিউজ ডেস্কঃ আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। কারণ কোভিডের মহামারি এখনও শেষ হয়নি। সেজন্য স্বাস্থ্যবিধি মেনে সব অনুষ্ঠান করার জন্য আমরা অনুরোধ করেছি। সব অনুষ্ঠানস্থলে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ সরবরাহ করা হবে, যাতে কোনো রকম অসুবিধা সৃষ্টি না হয়। সভায় আগামী ১৫ আগস্টকে সামনে রেখে বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরে আসাদুজ্জামান খান কামাল বলেন, সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাজুড়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হবে। ধানমন্ডি লেকেও নৌ পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করবে। ওই এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ডিএমপির নির্দেশনায় হবে। বিদেশি মিশনের কূটনৈতিকরা ধানমন্ডি ও বনানী কবরস্থানে পুস্পস্তবক অর্পণে যাওয়া-আসার জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ব্যবস্থা থাকবে।