
নিউজ ডেস্কঃ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল বলেছেন, সারাদেশে আওয়ামী লীগের দুর্নীতির প্রমাণ গিজগিজ করছে। পৃথিবীর প্রতিটি মহাদেশে আওয়ামী লীগের দুর্নীতির চিহ্ন রয়েছে। আকাশে স্যাটেলাইট হয়ে ঝুলছে তাদের দুর্নীতির প্রমাণ। রোববার (৩১ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোহেল বলেন, নারায়ণগঞ্জে একসময় অবশ্যই গডফাদারদের পতন ঘটবে। সন্ত্রাসের বিষবাষ্প ঘুচবে, ফুল ফুটবে। শহীদ জিয়ার সৈনিকরা এ শহরকে শান্তির নগরে পরিণত করবেই করবে। তিনি বলেন, আপনারা একজন শিল্পীর নাম বলেছেন। মানিকগঞ্জ বাড়ি। আগে মাজারে গান গাইতেন। এটা খারাপ না। গান গাইতেই পারেন। পার্লামেন্টে গেছেন এতেও খারাপ কিছু দেখি না। কিন্তু কীভাবে গিয়েছেন। গ্রামে একটা কথা আছে ওঠ ছুঁড়ি তোর বিয়ে। ঠিক তেমনিভাবে ফখরুদ্দিন-মঈনুদ্দিনদের পরে এ ওঠ ছুঁড়ি মার্কা নির্বাচন হচ্ছে। শেখ হাসিনাও এখন ওঠ ছুঁড়ি তুই এমপি, ওঠ ছুঁড়ি তুই এমপি। এভাবে এমপি বানাচ্ছে। আপনি শিল্পী তাই বলে পার্লামেন্টে গান গাইবেন নাকি। ওটা কী গান গাওয়ার জায়গা। তাহলে তো কোনো নৃত্যশিল্পী পার্লামেন্টে গেলে নাচতে শুরু করে দেবে।