
নিউজ ডেস্কঃ সারা দেশে রেলক্রসিং অরক্ষিত রেখে দুর্ঘটনায় প্রাণহানি মূলত হত্যাকাণ্ড উল্লেখ করে স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সারা বিশ্বে রেলপথ নিরাপদ হলেও বাংলাদেশে লেভেলক্রসিং অরক্ষিত থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফলে লেভেলক্রসিংগুলো যেন মরণফাঁদে পরিণত হয়েছে। অরক্ষিত রেলক্রসিংয়ে অসংখ্য মৃত্যুতে উন্নয়নের ‘রোল মডেল’ প্রতিফলন হয় না। রোববার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আসম রব বলেন, শুধু গত সাত মাসে রেলপথে দুর্ঘটনায় নিহত হয়েছে ১৭৮ জন আর আহত হয়েছে ১ হাজার ১৭০ জন। বিভিন্ন পরিসংখ্যানে জানা যায়, রেলপথে দুই হাজার ৮৫৬টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে অবৈধ এক হাজার ৩৬১টি। সে হিসেবে প্রায় ৪৮ শতাংশ অবৈধ। এছাড়া বৈধ লেভেলক্রসিংগুলোর মধ্যে ৬৩২টিতে গেটম্যান নেই। দেশে ৮২ শতাংশ রেলক্রসিং অনিরাপদ। একটি রাষ্ট্রে অরক্ষিত লেভেলক্রসিং থাকবে আর প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ নিহত হবে এটা সভ্য দেশে চিন্তাও করা যায় না। রেলক্রসিংগুলোতে নিরাপদ সুরক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সব হত্যাকাণ্ডের দায় সরকারকে বহন করতে হবে। অরক্ষিত রেলক্রসিংয়ে অসংখ্য প্রাণ ঝরে যাওয়ার পরও সরকার কোনো জোরালো পদক্ষেপ নেয় না, বরং প্রতিটি দুর্ঘটনার পর লোক দেখানো তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের কোনো পদক্ষেপও নেওয়া হয় না, এমনকি দুর্ঘটনায় দায়ীদের শাস্তির আওতায়ও আনা হয় না। রেল কর্তৃপক্ষ রেলক্রসিং এ সংগঠিত দুর্ঘটনা ও প্রাণহানির কোনো তথ্যও সংগ্রহ করে না।