
নিউজ ডেস্কঃ সংবাদপত্রের দাম বাড়ানো প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংবাদপত্রগুলো বেসরকারি মালিকানাধীন, তারা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে এ ক্ষেত্রে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে বাড়ালে ভালো হতো। রোববার (৩১ জুলাই) সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সংবাদপত্র মালিক সমিতি-নোয়াবের দৈনিক পত্রিকার মূল্যবৃদ্ধির ঘোষণা সম্পর্কে প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, নোয়াব বলেছে, তাদের অনেক দাবি ছিল, যার বেশকিছু বাস্তবায়িত হয়নি। সব দাবির বাস্তবায়ন সম্ভব হয় না, সরকারকে সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। আর সংবাদপত্রগুলো বেসরকারি মালিকানাধীন, তারা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে এ ক্ষেত্রে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে বাড়ালে ভালো হতো। নবম ওয়েজ বোর্ড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, যে মামলার প্রেক্ষিতে জটিলতা তৈরি হয়েছে, তা নিষ্পত্তির জন্য মন্ত্রণালয় কাজ করছে। সাংবাদিকদের অনুরোধ জানাবো, মালিক পক্ষকে ওয়েজ বোর্ড বাস্তবায়ন করার জন্য বলতে।