
নিউজ ডেস্কঃ রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে মাগুরার ঠাকুর বাড়ি থেকে ফরিদপুরের কামারখালী-মধুখালী পর্যন্ত রেলপথে মাটি ফেলার কাজ শুরু হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে মাগুরার রেলপথ নির্মাণ কাজ শেষ করতে হবে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে মাগুরা সদর উপজেলার রামনগরে ঠাকুর বাড়ি এলাকায় রেলস্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, সম্প্রতি কিছু বিতর্ক তৈরি হয়েছে রেলকে ঘিরে। দুই-একটি দুর্ঘটনা হয়েছে রেল ক্রসিংয়ের কাছে। ট্রেন তো তার নিজের লাইনের ওপর দিয়ে যায়। রেল আইন অনুয়ায়ী রেললাইনের কাছে ১৪৪ ধারা জারি করা থাকে। ট্রেন যখন কোনো সড়কপথ ক্রস করে, তখন এর নিরাপত্তার দায়িত্ব থাকে সড়কপথের। অনেক সময় দেখা যায়, রেললাইনের ওপর ছোট দোকান করতে গিয়ে সেখানে দুর্ঘটনার শিকার হয়। তাই দোষারোপ না করে যারা যে পথ ব্যবহার করেন, তাদের কীভাবে নিরাপত্তা দেওয়া যায়, সে ব্যাপারে আমাদের যৌথভাবে চিন্তা ভাবনা করতে হবে। তা না হলে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারব না।