
নিউজ ডেস্কঃ দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগামী শনিবার (৬ আগস্ট) তিনি ঢাকায় পৌঁছবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৫ জুলাই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র বাংলাদেশ সফরের দিনক্ষণ ঠিক করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। মন্ত্রণালয় সূত্র জানায়, ৬ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছাতে পারেন ওয়াং ই। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কম্বোডিয়ায় একটি সম্মেলনে থাকবেন বলে ওয়াং ইকে বিমানবন্দরে স্বাগত জানাতে পারবেন না। তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এরপর ৭ আগস্ট বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ৭ আগস্ট ঢাকা ছেড়ে যাবেন তিনি।