News71.com
 Bangladesh
 05 Aug 22, 11:21 AM
 1247           
 0
 05 Aug 22, 11:21 AM

ডামুড্যায় বিয়ে বাড়িতে পুলিশের হামলায় আহত ১০।।

ডামুড্যায় বিয়ে বাড়িতে পুলিশের হামলায় আহত ১০।।

নিউজ ডেস্কঃ  শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে বিয়ে বাড়িতে পুলিশের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার  রাত ১২টার দিকে ধানকাঠি ইউনিয়নের চরমালগাঁও ভাদুরীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার মাকশাহার গ্রামের পেয়ারা বেগম (৬০), চরমালগাঁও ভাদুরীকান্দি গ্রামের শরীয়াতুল্লাহ সরদার (২৬), শামীম বেপারী (১২), আমানুল্লাহ সরদার (৩৫), চৈতি আক্তার (২৪), মীম আক্তার (১৪), স্বপ্না আক্তার (১৫), সুমী আক্তার (১৪)। এদের মধ্যে এক বৃদ্ধা নারীর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ আগস্ট) চরমালগাঁও ভাদুরীকান্দি গ্রামের জয়নাল মল্লিকের মেয়ে নুপুর আক্তারের (১৮) বিয়ের দিন ঠিক হয়। বুধবার রাত ১২টার দিকে নুপুরের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে চার তরুণী সাউন্ড বক্সের তালে নাচ করছিল। হঠাৎ করে ডামুড্যা থানার উপ-পরিদর্শক (এসআই) ফোয়াদ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্য বশিরল ইসলাম ও হাবিবুর রহমান সেখানে গিয়ে গাছের ডাল দিয়ে এলোপাতাড়িভাবে মারতে শুরু করেন। ওই বাড়ির লোকজন কারণ জানতে চাইলে পুলিশ বলে, 'সাউন্ডবক্স বাজাচ্ছিস কেন?' এ সময় পুলিশের পিটুনিতে অন্তত ১০জন আহত হন। এছাড়া সেখানে থাকা কয়েকটি চেয়ারও ভেঙে ফেলে পুলিশ। পরে রাত দেড়টার দিকে ডামুড্যা থানার উপ পরিদর্শক (এসআই) সজল কুমার পালের নেতৃত্বে পাঁচজন পুলিশ সদস্যের একটি দল ওই বিয়ে বাড়িতে গিয়ে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন