News71.com
 Bangladesh
 16 Aug 22, 07:46 PM
 179           
 0
 16 Aug 22, 07:46 PM

নিরাপত্তা খাতে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র।।স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তা খাতে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র।।স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নিরাপত্তার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১৬ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে আমেরিকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটা এগিয়ে নিতে এবং অন্য কোনো সেক্টরে তারা সহযোগিতা করতে পারে কিনা, সেগুলো জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তারা মানব পাচার বন্ধে কাজ করতে ইচ্ছুক। তিনি বলেন, আমাদের নিরাপত্তার জন্য যদি কিছু প্রয়োজন হয় সেখানে সহযোগিতা করতে পারে। তারা আমাদের আগেই দুই-তিনটি জায়গায় সহযোগিতার জন্য লিখিত প্রস্তাব দিয়েছিল। আমরা ইতোমধ্যে খুব শিগগিরই সমঝোতা স্মারক সই করবো, সেটা তাকে জানিয়ে দিয়েছি। এখন এগুলো শেষ পর্যায়ে আছে।

মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নিরাপত্তার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্ডার এলাকায় কোস্ট গার্ডকে আগে তারা সহযোগিতা করেছে, সেটা করার জন্য এবং আমাদের বিজিবির কিছু ইনঅ্যাকসেসেবল জায়গা আছে, সেখানে কীভাবে শক্তিশালী করতে পারি, সে বিষয়ে প্রস্তাবের বিষয়ে কথা বলেছি। রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বলেছি— রোহিঙ্গা বিষয়ে তোমাদের সহযোগিতা আমরা লক্ষ্য করেছি। এই সমস্যা সমাধানে তারা তাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী করবে বলে মনে করি। এ বিষয়ে তাদের যে সহযোগিতা এখন আছে, সেটা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন