
নিউজ ডেস্কঃ বিয়েবাড়ির গেট সাজানো পছন্দ না হওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া আটক করা হয়েছে সাতজনকে।মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর ও সীতারামপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বুধবার (১৭ আগস্ট) দুপুরে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে এবং মামলার প্রক্রিয়া চলছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৫ আগস্ট) ইউনিয়নের সীতারামপুর গ্রামের রিয়াজুদ্দিন গোষ্ঠীর রাজুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। সেখানে ডেকোরেশনের কাজ করেন দৌলতপুর গ্রামের হাসান আলী বাড়ির এক ছেলে। কিন্তু গেইট সাজানো পছন্দ না হওয়ায় বিয়ে বাড়ির লোকজনের সঙ্গে ওই ছেলের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।