News71.com
 Bangladesh
 17 Aug 22, 10:09 PM
 142           
 0
 17 Aug 22, 10:09 PM

দাম কমার সম্ভাবনা থাকলে ডিম আমদানি করা হবে।।বাণিজ্যমন্ত্রী

দাম কমার সম্ভাবনা থাকলে ডিম আমদানি করা হবে।।বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ মুরগির ডিম আমদানি করলে যদি দাম কিছুটা কমে তাহলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৭ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। টিসিবির এককোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম সংক্রান্ত বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।বাণিজ্যমন্ত্রী বলেন, ডিম আমদানি করতে গেলে একটু সময় লাগবে। আমরা একটু দেখি। যদি এমন হয় যে, ডিম আমদানি করলে দাম কিছুটা কমবে তাহলে আমদানির সিদ্ধান্ত নিয়ে ফেলবো। ডিমের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, আমরা কৃষি, খাদ্য ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বসেছি। আলোচনা হচ্ছে, কিভাবে ডিমের দাম কমানো যায়। সব কিছু তো রাতারাতি কমানো সম্ভব নয়। এটা সত্যিকার অর্থে বিপজ্জনক, একটু সময় দেন আমরা চেষ্টা করছি।

মন্ত্রী বলেন, আজকে আমাদের সচিব যাচ্ছেন বৈঠকে। সেখানে ডিমের দাম কেন বেশি হলো সেগুলো আলোচনা করে কোথায় সমস্যা হয়েছে সেটা আমরা দেখবো। নিত্যপণ্যের দামের পরিস্থিতি স্বাভাবিক করতে কি কি করছেন জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি। কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেগুলো চিহ্নিত করা হচ্ছে। আমাদের বিভিন্ন সময় এরকম সমস্যা হয়েছে। সেগুলোও আমরা চিহ্নিত করেছি। তবে দুই চার পাঁচ দিন সময় লেগেছে। আশা করছি এটারও একটা ফলাফল আমরা পাবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন