
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর মতো নেতা বিশ্ব ইতিহাসে তো বটেই, মানবসভ্যতার ইতিহাসেও বিরল। তাকে হত্যার অন্যতম কুশীলব জিয়াউর রহমান। যার ডাকে লাখ -লাখ মানুষ নিজের সব চেয়ে মূল্যবান জিনিস জীবন হাতে নিয়ে যুদ্ধে নেমেছিল তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বুধবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যে মানুষটি হ্যামিলনের বংশীবাদকের মতো মানুষকে উদ্দীপ্ত করে ৫ হাজার বছরের ইতিহাসে বাঙালিদের জন্য প্রথম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই নেতাকে হত্যা করে ইতিহাসে কালিমা লেপন করা হয়েছে। ৭৫ এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখন এই হত্যার বেনিফিশিয়ারি যেসব দলের উদ্ভব ঘটেছিল, তারা আমাদের বলতো, এই হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না। এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও দেশে ফেরার পর তারা বলেছিলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার চাইলে কখনো ক্ষমতায় যেতে পারবেন না তিনি। তবে এতে তিনি আপোষ করেন নি। আজকে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, রায়ও কার্যকর হয়েছে।