
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বে প্রাকৃতিক গ্যাস ভোজ্য, জ্বালানি তেল ছাড়াও বিদ্যুৎ ও খাদ্যপণ্যের দাম বাড়ছে। তার কিছু প্রভাব বাংলাদেশেও পড়েছে। এখন বিএনপি চাইবে ঘোলা পানিতে মাছ শিকার করতে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার নলছিটি মাচেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনে নেমেছিল জনগণ সাড়া দেয়নি সফল হতে পারেনি। যখন বিশ্ব বাজারের সবকিছুর দাম বাড়ছে এখন তারা আন্দোলনে নেমেছে এবারও সফল হতে পারবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা পালন করে আমরা করোনা মোকাবিলা করেছি। ঠিক এখন যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো মেনে চললে অল্প সময়ের মধ্যে সবকিছু আগের মতো হয়ে যাবে।