
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় নির্মানাধীন ফ্লাইওভারে গার্ডার পড়ে প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী চীনা প্রতিষ্ঠানর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে আপত্তি থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন চীনা রাষ্ট্রদূত। এ সময় ওই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
গত সোমবার রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ওপর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের সময় কংক্রিটের গার্ডারচাপায় দুই শিশুসহ পাঁচজনের প্রাণহানি হয়। ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট’ প্রকল্পের (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) আওতায় প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি নির্মাণ করা হচ্ছে গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত। চীনের তিনটি ও বাংলাদেশের একটি কোম্পানি এ প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে। উত্তরার যে এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে, সেই অংশের কাজ করছে চিনা ঠিকাদারি কোম্পানি চায়না গ্যাঝুবা গ্রুপ কর্পোরেশন (সিজিজিসি)।