
নিউজ ডেস্কঃ আবাসিক ভবনে পানির সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা। গত বুধবার রাত থেকে তারা কর্মবিরতি শুরু করেন। আজ শুক্রবার দুপুর পর্যন্তও তাদের আন্দোলন চলমান রয়েছে। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি স্বপ্নীল হোসেন অভিযোগ করে বলেন, গত কয়েক দিন ধরে হাসপাতালের আবাসিক হোস্টেলে পানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে করে তাদের গোসল, খাওয়া, টয়লেটসহ বিভিন্ন কাজে সমস্যায় পড়তে হচ্ছে।
তিনি বলেন, বিষয়টি হাসপাতালের সহকারী পরিচালককে জানানো হলেও তিনি এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেননি। হোস্টেলে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি। পানির সংকট সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. ফরহাদ হোসেন বলেন, হাসপাতালের শুধু আবাসিক ভবনেই নয়, পুরো হাসপাতালজুড়েই পানি সরবরাহ ব্যবস্থাপনা খুবই খারাপ। মাঝেমধ্যেই পানি থাকে না। বিদ্যৎ থাকে না। জেনারেটরের ঠিকমত তেল থাকে না। সব মিলেয়ে অব্যবস্থাপনার মধ্যে হাসপাতালে সেবা দিতে হয়। এছাড়াও হাসপাতালের ওয়ার্ড নোংরা। ঠিকমতো হাসপাতালের ভেতরে পরিষ্কার করা হয় না।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালের কয়েকজন রোগী ও তাদের স্বজনরা জানান, ওয়ার্ডে ডাক্তারদের আগের মতো দেখা যাচ্ছে না। এতে সমস্যা হচ্ছে। ঠিকমতো চিকিৎসাসেবা না দেওয়ায় তারা চরম বিপদের মধ্যে আছেন। জানতে চাইলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, হাসপাতালের আবাসিক ভবনে পানি সরবরাহের বড় পাম্পটি নষ্ট হয়ে গেছে। সাবমারসিবল পাম্প দিয়ে পানি সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে।