News71.com
 Bangladesh
 19 Aug 22, 02:01 PM
 128           
 0
 19 Aug 22, 02:01 PM

শেখ হাসিনার নেতৃত্বেই এদেশ সত্যিকার অর্থে সাম্প্রদায়িকতামুক্ত হবে॥ জন্মষ্টমীতে পররাষ্ট্র মন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বেই এদেশ সত্যিকার অর্থে সাম্প্রদায়িকতামুক্ত হবে॥ জন্মষ্টমীতে পররাষ্ট্র মন্ত্রী

নিউজ ডেস্কঃ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদ্যাপনে বন্দরনগরী চট্টগ্রামে পালিত হচ্ছে বর্ণাঢ্য কর্মসূচী। গতকাল বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী পর্বের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নগরীর জেএম সেন হলে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের ধর্মমহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তবে মূল উৎসব হবে আজ শুক্রবার। কর্মসূচীতে রয়েছে বিশাল শোভাযাত্রা। গতকাল প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, শেখ হাসিনার সরকার থাকলে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে, সত্যিকারের সাম্প্রদায়িকমুক্ত হবে।তিনি বলেন পৃথিবীর অন্যান্য দেশের মত আমাদের দেশেও কিছু দুষ্ট ও উগ্রবাদী লোক আছে। আমি ভারতবর্ষকে বলেছি, আমরা এমনভাবে কাজ করব, যাতে উস্কানিমূলক কাজকর্ম ও ব্যবহার প্রশ্রয় না পায়। তাতে ভারত-বাংলাদেশের উভয়ের মঙ্গল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা আছেন বলে ভারতেরও যথেষ্ট মঙ্গল হয়েছে। আগের মত এখন সীমান্তে অতিরিক্ত খরচ করতে হয় না। আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে বলে ভারতে লোক যায়। বছরে ২৮ লাখ লোক ভারতে বেড়াতে গেছে। কয়েক লাখ ভারতীয় আমাদের দেশে কাজ করেন। এটি সম্ভব হয়েছে আমাদের সোনালী অধ্যায়ের কারণে, সুন্দর অবস্থানের কারণে। কুমিল্লার সাম্প্রদায়িক সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুর্গাপূজায় কোরান শরীফ নিয়ে যে ঘটনা কিছু উগ্রবাদী মুসলিম করেছে, তা ভাইরাল হয়। কিছু উগ্রবাদী আক্রমণ করে। আক্রমণ থামাতে গিয়ে পুলিশ গুলি করে। সরকার পরিস্থিতি সামলাতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে।

এর আগে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ এসবে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, এ দেশ আমাদের সকলের। আমরা সবাই বাঙালী। এ দেশে সব সম্প্রদায়ের লোক যুগ যুগ ধরে একসঙ্গে বাস করে আসছে। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা বসবাস করছি। কেউ আমাদের শত শত বছরের বন্ধনকে নষ্ট করতে পারবে না। সম্মিলিতভাবে আমরা সকল অপশক্তিকে নির্মূল করতে পারব। শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল দুষ্টের দমন করতে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আঘাত ও প্রতিরোধ করার জন্য তার আবির্ভাব হয়েছিল। তিনি আরও বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ উপদেশ ও দিকনির্দেশনা অনুযায়ী আমরা যদি সকলেই চলি তাহলে মঙ্গলময় সত্য সুন্দরের পথে চলতে পারব। সত্য আলোয় অন্ধকার দূরীভূত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন