News71.com
 Bangladesh
 19 Aug 22, 10:16 PM
 112           
 0
 19 Aug 22, 10:16 PM

গার্ডারচাপায় মৃত্যু।।ক্রেনচালক-হেলপারসহ ১০ জন রিমান্ডে

গার্ডারচাপায় মৃত্যু।।ক্রেনচালক-হেলপারসহ ১০ জন রিমান্ডে

 

 

নিউজ ডেস্কঃ  রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারচাপায় প্রাইভেট কারের পাঁচ আরোহীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১০ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  শুক্রবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ রিমান্ডের এ আদেশ দেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার পরিদর্শক মোহাম্মদ ইয়াসীন গাজী আসামিদের আদালতে হাজির করেন।

 

 এ সময় ক্রেনচালক আল-আমিন, তার সহকারী (যিনি ক্রেন চালাচ্ছিলেন) রাকিব ও ঠিকাদার প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী শাহের ১০ দিন ও অন্য আসামিদের সাতদিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক প্রথম তিনজনের চার দিন ও বাকি সাতজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। দুদিনের রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- দুর্ঘটনার সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিক ম্যান রুবেল ও মো. আফরোজ মিয়া, প্রকল্পের ভারি যন্ত্রপাতি সরবরাহের ওয়ার্ক অর্ডার পাওয়া প্রতিষ্ঠান ইফসকনের স্বত্বাধিকারী মো. ইফতেখার হোসেন ও হেড অব অপারেশন্স আজহারুল ইসলাম মিঠু, থার্ড পার্টি হিসেবে ক্রেন সরবরাহ করা বিল্ড ট্রেড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন ওরফে তুষার ও প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির প্রকিউরমেন্ট অফিসার মো. মঞ্জুরুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন