
নিউজ ডেস্কঃ দৈনিক মজুরি ১৪৫ টাকা মেনে নিয়ে চা শ্রমিকদের অব্যাহত কর্মবিরতি প্রত্যাহার করা হলেও এ নিয়ে তাদের মধ্যে অসন্তোষ ও বিভক্তি দেখা দিয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গলে শ্রম অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বলে নিশ্চিত করেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল। কিন্তু এদিন বিকেলেই সিদ্ধান্ত নিয়ে চা শ্রমিকদের মধ্যে বিভক্তি দেখা দেয়। এই সিদ্ধান্ত অসন্তুষ্ট সিলেট ভ্যালির চা শ্রমিকরা। তারা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
উদ্ভুত পরিস্থিতিতে রাতে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জেলা প্রশাসন সম্মেলন কক্ষে চা শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু গোয়ালা বলেন, আমরা ধর্মঘট প্রত্যাহার করিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক পর্যন্ত স্থগিত করেছি। প্রধানমন্ত্রী ভারত সফর শেষে ফিরে আমাদের সঙ্গে কথা বলবেন। তার সম্মানেই ততদিন পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।