News71.com
 Bangladesh
 21 Aug 22, 07:30 PM
 128           
 0
 21 Aug 22, 07:30 PM

সেই ষড়যন্ত্র এখনও চলছে।। প্রধানমন্ত্রী

সেই ষড়যন্ত্র এখনও চলছে।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ধারাবাহিকতা মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল ২১ আগস্ট গ্রেনেড হামলা তারই ধারাবাহিকতা। সেই ষড়যন্ত্র এখনও চলছে। রোববার (২১ আগস্ট) ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, ২০০৪ সালের ২১ আগস্টেও গ্রেনেড হামলার ঘটনা ছিল তারই ধারাবাহিকতা। সেই ষড়যন্ত্র এখনও চলছে।তিনি বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধীচক্র এখনও নানাভাবে সোচ্চার আছে।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির যেকোনো চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিএনপি-জামায়াত সরকারের সময়ের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট যখনই ক্ষমতায় এসেছে জঙ্গি ও সন্ত্রাসীদের মদদ দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর অপচেষ্টা করেছে। ২০০১ সালের ১লা অক্টোবর নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। একের পর এক বোমা হামলা, গ্রেনেড হামলা চালিয়ে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন