
নিউজ ডেস্কঃ কয়েকটি বাগান পরিদর্শন করে আন্দোলনরত চা শ্রমিকদের বুঝিয়ে কাজে ফিরিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান। মঙ্গলবার (২৩ আগস্ট) জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর ভাড়াউড়া, জেরিনসহ বিভিন্ন বাগানের চা-শ্রমিকরা কাজে ফিরে গেছেন।
জানা যায়, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বাচাশ্রই) এবং বিভিন্ন চা বাগান পঞ্চায়েত কমিটির সঙ্গে নানামুখী দ্বন্দ্ব তৈরি হয়েছে। ফলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব ও দিক-নির্দেশনা মানছেন না সাধারণ শ্রমিকরা। মূলত তারা চা বাগান পঞ্চায়েত কমিটির নির্দেশনাগুলোই পালন করছেন। ফলে সাধারণ শ্রমিকরা পড়েছেন মারাত্মক সমস্যার মুখে। তাদের মাঝে বিরাজ করছে হতাশা। মঙ্গলবার সকাল থেকেই একাংশের শ্রমিকরা ভাড়াউড়া চা বাগানের নাটমন্দিরে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা খবর পান যে, মৌলভীবাজার জেলা প্রশাসক তাদের সঙ্গে দেখা করতে আসছেন। দুপুর ১২টায় ডিসি ও এসপি এলে শ্রমিকদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। এরপর শ্রমিকরা তাদের দাবি দাওয়াসহ দুঃখ-কষ্টের কথা বলতে থাকেন। জেলা প্রশাসক চা শ্রমিকদের নানান সমস্যার কথা মনোযোগসহকারে শুনেন এবং সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।