
নিউজ ডেস্কঃ বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের নামে ২২৭ কোটি টাকা চেয়ে মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ। ‘অবসর–সুবিধা ও অন্যায়ভাবে চাকরিচ্যুতি’র ক্ষতিপূরণ বাবদ এ টাকা চেয়ে ঢাকা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সোমবার (২২ আগস্ট) তিনি মামলা করেন।
এতে রবি আজিয়াটা ছাড়াও প্রতিষ্ঠানটির সাবেক সিইও ইজাদ্দিন ইদ্রিস, বর্তমান বোর্ড চেয়ারম্যান থায়াপরান এস সাঙ্গারা পিল্লাইসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। মামলায় ৫০ কোটি টাকা মানহানির ক্ষতিপূরণ এবং ৫০ কোটি টাকা মানসিক দুর্দশার জন্য দাবি করা হয়েছে। আর চাকরির বাজারে সুযোগ হারানোর জন্য ১১০.৭ কোটি টাকা চেয়েছেন। মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১০ সালে মাহতাব উদ্দিন রবির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) পদে যোগ দেন। এরপর ২০১৬ সালে সিইও হন। ২০২১ সালে তিনি পদত্যাগ করেন।