
নিউজ ডেস্কঃ জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের মূল্য ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস (৬টা-১২টা) হরতালের শেষ মুহুর্তে পল্টন মোড়ে উত্তেজনা দেখা দেয়। আওয়ামী লীগের এক নেতা গাড়ি নিয়ে পল্টন মোড় দিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যাওয়ার পথে বামজোটের বাধার মুখে পড়লে গাড়ি থেকে নেমে যুবলীগের দুই কর্মী জোরপূর্বক যেতে চাইলে ধাক্কাধাক্কি শুরু হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।রাজধানীর পল্টন মোড়ে সকাল পৌনে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
এ সম্পর্কে বাসদ জাতীয় কমিটির সদস্য নাসিরউদ্দিন প্রিন্স বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মীরা হামলা করতে চাইলে আমাদের(বামজোট) নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলে। এর আগে পুলিশি হামলায় সকাল ৯ টায় শাহবাগে ছাত্র ইউনিয়নের(জয়-নাঈম) তেজগাঁও থানার আহ্বায়ক ইরফানুল রাফিনসহ তিনজন আহত হয়। তারপর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে উপস্থিত পুলিশের কর্মকর্তা এ সম্পর্কে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।